আমি যদি আরব হতাম
✍ কাজী নজরুল ইসলাম
আমি যদি আরব হতাম মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত॥
পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে।
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-এ-তূরে,
দিবা-নিশি করতাম তাঁর কদম জিয়ারত॥
মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে,
আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে।
চক্ষে আমার বইত নদী পেয়ে সে নিয়ামত॥