ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
✍ কাজী নজরুল ইসলাম
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর, আকাশ-বাতাস, দেখবি যদি আয়॥
ধূলির ধরা বেহেশ্তে আজ, জয় করিল দিল রে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়॥
দেখ্ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়॥
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফি,
দুনিয়া হতে বে-ইনসাফি, জুলুম নিল বিদায়॥
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
জিন-পরী, ফেরেশতা সালাম জানায় নবীর পায়॥