আমার মরণ যদি হয় নবীর প্রেমে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আমার মরণ যদি হয় নবীর প্রেমে
আমার জীবন যদি রয় নবীর প্রেমে
জানি ধন্য হব সুখে রব দামী হব দু’জাহানে।
সেই নবীর প্রেমে মগ্ন ছিল সারা জীবনভর
আবু বক্কর ওমর ওসমান ও হায়দার
আশেকে নবী বেলাল হাবশী
ছাড়তে পারেনি নবী প্রেমের রশি
যদি সাজাই এ জীবন নবীর শানে মানে
জানি ধন্য হব সুখে রব দামী হব দু’জাহানে।
নবীর শানে মানে কাটিয়ে দিল
জীবনের পথ আ’লা হযরত
“ম্যায়ঁ তো বীমারে নবী হো” করলেন ঘোষণা
হযরতে শেরে বাংলা মাওলানা
যদি জীবন দিতে হয় নবীর প্রেমে
জানি ধন্য হব সুখে রব দামী হব দু’জাহানে।
যদি ভালবেসে নবীর পথে দিয়ে দাও জান
ইমাম হোসাইনের দলে উঠবে তোমার নাম
ঈমানী কলম হাতে নিলাম লিখব নবীর শান
আমি অধমের এই দেহে যত দিন থাকবে প্রাণ
যদি মরণ আমার হয় গেয়ে নবীর শান
জানি ধন্য হব সুখে রব দামী হব দু’জাহানে।